১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:১৩ অপরাহ্ন


পথচারীকে হেনস্থা করায় মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ১৮:৪৫:১৯
পথচারীকে হেনস্থা করায়  মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের ঘটনায় দেশজুড়ে আলোচিত-সমালোচিত রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া, বিতর্কিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (১০ মার্চ), যখন গুলশানের ব্যস্ত রাস্তায় মনিকা কবিরের একটি ভিডিও ধারণের দৃশ্য ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিডিও করার সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী তার দিকে তাকালে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিস্ময়কর বিষয় হলো, মারধরের ঠিক পরেই তাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে উড়ন্ত চুমু (ফ্লাইং কিস) দিতে দেখা যায়। পরে জানা যায়, ভাইরালের উদ্দেশ্যেই এই ভিডিওটি তিনি নিজেই ফেসবুকে আপলোড করেছিলেন।

আইনি নোটিশে মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তার কাছে বৈধ ভিসা এবং ওয়ার্ক পারমিট রয়েছে কি না, তা আগামী সাত দিনের মধ্যে স্পষ্ট করার জন্য বলা হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ক্ষমা না চান এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন না করেন, তবে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মনিকা কবিরের এমন আচরণকে নেটিজেনরা ‘সস্তা জনপ্রিয়তা’ পাওয়ার অপকৌশল হিসেবে দেখছেন। সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি যাচাই-বাছাই করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় সাধারণ মানুষের গায়ে হাত তোলার এই ঘটনা এখন আইনি লড়াইয়ের মুখে।