১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:০৮ অপরাহ্ন


ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৫ ১৬:৫০:৪৬
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াত আমিরের সঙ্গে ফোনে কথা বলে তাঁর কুশল বিনিময় করেন তিনি।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে জামায়াত আমিরের সাময়িক অসুস্থতার বিষয়টি জানতে পারেন প্রধানমন্ত্রী। এরপর তিনি নিজেই ডা. শফিকুর রহমানের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন এবং ফোনে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন দলটির প্রতিনিধি দল।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই দাওয়াতনামা হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। জামায়াত নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ও জামায়াত শীর্ষ নেতৃত্বের মধ্যে এই ফোনালাপ এবং ইফতারের আমন্ত্রণকে সৌজন্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচারের একটি অনন্য উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।