১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:০৩ অপরাহ্ন


৪০ বছর পর বিশ্বকাপে জায়গা পেল ইরাক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১২:৪৫:৫৬
৪০ বছর পর বিশ্বকাপে জায়গা পেল ইরাক ছবি: সংগৃহীত


৪০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে আয়োজিত এক রুদ্ধশ্বাস আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে পরাজিত করে ৪৮তম ও সর্বশেষ দল হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে ‘লায়ন্স অফ মেসোপটেমিয়া’রা। ১৯৮৬ সালের পর এই প্রথম ফুটবলের সর্বোচ্চ আসরে দেখা যাবে ইরাককে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকা ইরাক ১০ মিনিটের মাথায় আলি আল হামাদির গোলে লিড নেয়। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে বলিভিয়ার ময়েজেস পানিয়াগুয়া গোল করে সমতা ফেরালে লড়াই জমে ওঠে। বিরতির পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে, তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন ইরাকি স্ট্রাইকার আয়মান হোসেন। তার করা দুর্দান্ত জয়সূচক গোলটিই ইরাককে পৌঁছে দেয় স্বপ্নের ঠিকানায়।

একই রাতে যখন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে এবং কোচ জেন্নারো গাত্তুসোর শিষ্যরা হারের ক্ষত নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইছে, ঠিক তখনই মন্টেরির গ্যালারি ভেসেছে ইরাকি সমর্থকদের আনন্দের জোয়ারে। একদিকে বড় শক্তির পতনের বিষাদ, অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত একটি জাতির ফুটবলের পুনর্জাগরণের উৎসবে ফুটবল বিশ্ব এক নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ইরাক জায়গা পেয়েছে ‘আই’ (Group I) গ্রুপে। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে শক্তিশালী ফ্রান্স, নরওয়ে এবং সেনেগাল। দীর্ঘ চার দশকের খরা কাটিয়ে বিশ্বমঞ্চে ইরাকের এই প্রত্যাবর্তন দেশটির ফুটবল প্রেমীদের জন্য কেবল একটি বিজয় নয়, বরং এক পশলা স্বস্তি ও নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।