১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩১:১৩ অপরাহ্ন


ব্যবসা হারিয়ে বিপাকে পড়া নারী উদ্যোক্তার বিচার চেয়ে আকুতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৭:৫৭:০৯
ব্যবসা হারিয়ে বিপাকে পড়া নারী উদ্যোক্তার বিচার চেয়ে আকুতি ছবি: সংগৃহীত


নিজের তিলে তিলে গড়া ব্যবসা প্রতিষ্ঠান ‘নিউ বিডি নিট গার্মেন্টস’ হারিয়ে এখন দ্বারে দ্বারে বিচার চেয়ে ঘুরছেন রাজধানীর সবুজবাগের এক নারী উদ্যোক্তা। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, করোনাকালীন আর্থিক সংকট কাটাতে সোয়াইব আহমেদ নামে এক ব্যক্তিকে ব্যবসায়িক পার্টনার (চেয়ারম্যান) হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু সেই পার্টনারের সঙ্গে যোগসাজশ করে তার নিজের স্বামী শামছুল ওয়াদুদ খোন্দকার জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের মালিকানা দখল করে নিয়েছেন।

ভুক্তভোগী ওই নারী জানান, তাকে ৫০০ টাকার স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার স্বামী এখন বিয়ের কথা অস্বীকার করছেন এবং বিভিন্ন জেলায় ডজনখানেক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছেন। ওই নারী উদ্যোক্তা কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার স্বামী বাসা থেকে ব্যবসার চুক্তিপত্র ও চেক চুরি করে নিয়ে গেছে এবং আমাকে হেনস্তা করার জন্য একটি সিন্ডিকেট তৈরি করেছে।" তিনি আরও অভিযোগ করেন, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা গ্রেপ্তার এড়িয়ে চলছে।

বাদীপক্ষের আইনজীবী সফিক জামান একে একটি ‘গভীর অপরাধমূলক ষড়যন্ত্র’ ও ‘মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র জালিয়াতির মাধ্যমে গার্মেন্টসটি দখল করেছে। ভুক্তভোগী নারী উদ্যোক্তা তার বৈধ মালিকানা ফিরে পেতে এবং মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।