১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৫:৫৫ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৭:৩৪:৪৬
যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের মাধ্যমে নবজাতকের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার প্রবণতা বা “বার্থ ট্যুরিজম” বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই প্রক্রিয়াটি তদারকি ও নিয়ন্ত্রণে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি “বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ” নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো সেই সব আন্তর্জাতিক চক্র ও নেটওয়ার্ককে চিহ্নিত করা, যারা গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিয়ে বা প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রে আসতে সহায়তা করে।

হোয়াইট হাউসের দাবি, এই ধরনের পর্যটন মার্কিন করদাতাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক নীতির বিরোধিতা করে আসছেন। তাঁর মতে, বাবা-মায়ের কেউ মার্কিন নাগরিক না হলে কেবল যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই কোনো শিশু নাগরিকত্ব পেতে পারে না—এমন একটি নির্বাহী আদেশও তিনি জারি করেছেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, সন্তান জন্ম দেওয়া নিজে কোনো অপরাধ না হলেও, ভিসার জন্য আবেদন করার সময় উদ্দেশ্য গোপন করা বা জালিয়াতি করা বড় ধরনের আইনি অপরাধ। ইতোপধ্যেই ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে তথাকথিত “বার্থ হাউস” বা জন্ম আবাসন পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। মূলত জালিয়াতি ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করতেই ট্রাম্প প্রশাসন এই কঠোর তদন্ত প্রক্রিয়া জোরদার করেছে। যদিও সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী দেশটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশু নাগরিকত্ব পায়, তবে এই নতুন পদক্ষেপের ফলে বিদেশিদের জন্য সেই সুযোগ এখন বড় ধরনের চ্যালেঞ্জ ও আইনি নজরদারির মুখে পড়েছে।