১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:০২:৫৫ পূর্বাহ্ন


সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৪:৫২:০৭
সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়


বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র আদলে এবার খেলার মাঠে প্রতিভা খুঁজতে নামছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

ক্রীড়া হবে সম্মানজনক পেশা

২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কথা দিয়েছিলাম জনরায়ে বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বর্তমান বিশ্বে খেলাধুলা কেবল বিনোদন বা শরীরচর্চা নয়, এটি একটি অত্যন্ত সম্মানজনক পেশা। বাংলাদেশকেও আমরা সেই উচ্চতায় নিয়ে যাবো।”

‘নতুন কুঁড়ি’র নবযাত্রা

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ১৯৭৬ সালে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি মাঝপথে দীর্ঘ সময় বন্ধ থাকলেও বর্তমানে তা বিটিভিতে আবার চালু হয়েছে। এবার সেই একই অনুপ্রেরণায় শিশু-কিশোরদের মধ্য থেকে দক্ষ অ্যাথলেট ও খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের হাতে বিশেষ ‘ক্রীড়া কার্ড’ ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।