জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমার কফিনে রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপও মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তিনি ইন্তেকাল করেন। সংসদ ভবনে প্রথম জানাজা শেষে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার কথা রয়েছে।