১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০৩:৪৪ পূর্বাহ্ন


খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৩:৩৭:১৭
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত


পেশাদার খেলোয়াড়দের দলীয় রাজনীতিতে না জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, খেলোয়াড়রা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা উঁচিয়ে ধরবেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্রীড়াকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, খেলোয়াড়রা যাতে আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সেজন্য একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে তাদের বেতন কাঠামোর আওতায় আনার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার পরপরই অনলাইন সিস্টেমের মাধ্যমে ১২৯ জন ক্রীড়াবিদের প্রত্যেকের মোবাইলে এক লক্ষ টাকা পৌঁছে যায়।

এ সময় প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন যে, শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের উর্ধ্বতন ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সাথে এক সৌজন্য ফটোসেশনে অংশ নেন।