১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৪৬:২৬ পূর্বাহ্ন


পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে ফ্রান্সের সহযোগিতা কামনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৮:৫৫:৪২
পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে ফ্রান্সের সহযোগিতা কামনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (২৯ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন, মব (Mob) নিয়ন্ত্রণ, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, র‍্যাবের সংস্কার ও পুনর্গঠন এবং ফরেনসিক খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে পর্যায়ক্রমিক উন্নয়নের কাজ করছি। রাতারাতি পরিবর্তন সম্ভব না হলেও সরকার পুলিশ সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

মব নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমান নির্বাচিত সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা বা ‘মব কালচার’ প্রশ্রয় দিচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় কিছু দুর্বলতা থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিক উপায়ে জনদুর্ভোগ সৃষ্টি না করে সভা-সমাবেশ ও মতপ্রকাশ করতে পারবে বলে তিনি আশ্বস্ত করেন। ফরাসি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।