রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুরের দিকে মিরপুর চিড়িয়াখানা এলাকায় আর এস ফাহিমকে দেখতে পেয়ে একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চব্বিশের জুলাইয়ের ছাত্র আন্দোলনে বিরোধী অবস্থান ও উসকানিমূলক ভূমিকার অভিযোগে শিক্ষার্থীরা তাকে আটকে রেখে স্লোগান দিচ্ছে।
এর আগে ‘মঞ্চ-২৪’ নামের একটি সংগঠন আর এস ফাহিমকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। তাদের দাবি, ফাহিম বিগত আওয়ামী লীগ সরকারকে সরাসরি পৃষ্ঠপোষকতা করেছেন এবং ছাত্র-জনতার ওপর দমনপীড়নে উসকানি দিয়েছিলেন।
শাহ আলী থানার ওসি জানান, আর এস ফাহিমের বিরুদ্ধে জুলাই বিপ্লব সংশ্লিষ্ট বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বর্তমানে মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।