১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৫০:০৪ অপরাহ্ন


দীর্ঘদিন পর দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৫:০৮:৩৫
দীর্ঘদিন পর দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল ছবি: সংগৃহীত


দীর্ঘ প্রতীক্ষা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি ঢাকায় অবতরণ করেন। গত রোজার আগে নিভৃতে দেশ ছাড়ার পর দীর্ঘ সময় তার অনুপস্থিতি নিয়ে ক্রিকেট মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল।

বিসিবি সভাপতির এই ফেরাটা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে ‘অবৈধ ও অস্বচ্ছ’ আখ্যা দিয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রক্রিয়াটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এবং তদন্তের স্বার্থে কমিটি ইতিমধ্যে অনলাইনে সভাপতির সাথে যোগাযোগ করেছে। এখন তিনি সশরীরে ঢাকায় উপস্থিত হওয়ায় কমিটির সামনে হাজির হয়ে সরাসরি বক্তব্য প্রদানের জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিয়মবহির্ভূতভাবে কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্ত কমিটির বিশেষ নজরে রয়েছে। আগামী এপ্রিলের প্রথম ভাগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে, যার ওপরই নির্ভর করছে দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ের ভবিষ্যৎ।