১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৭:১০ পূর্বাহ্ন


ঘটনাস্থলে পদ্মায় বাসডুবি ট্র্যাজেডিতে গঠিত তদন্ত কমিটি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৪:৫২:১৬
ঘটনাস্থলে পদ্মায় বাসডুবি ট্র্যাজেডিতে গঠিত তদন্ত কমিটি ছবি: সংগৃহীত


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা তদন্তে আজ রবিবার (২৯ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ-মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। সকাল সাড়ে ১০টা থেকে কমিটির প্রধান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম ৩ নম্বর ফেরিঘাটসহ সংশ্লিষ্ট এলাকাগুলো ঘুরে দেখেন।

ছয় সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিতে রাজবাড়ী জেলা প্রশাসন, নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা দুর্ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করেন। উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যায়। পরে উদ্ধার অভিযানে নারী ও শিশুসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতেই এই তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।