১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪৩:৫১ অপরাহ্ন


‘ট্যাগ অফিসার’ বসছে সব পেট্রলপাম্পে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৭:৫১:৩২
‘ট্যাগ অফিসার’ বসছে  সব পেট্রলপাম্পে ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট ও তেল মজুত ঠেকাতে কঠোর অবস্থানে নেমেছে সরকার। শনিবার (২৮ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের পেট্রলপাম্পগুলো তদারকির জন্য প্রতিটি পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বিপিসি এবং জেলা-উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন এই কর্মকর্তাদের নিয়োগ দেবে, যারা প্রতিদিনের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি করে প্রতিবেদন জমা দেবেন।

অন্যদিকে, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে জেলাগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে যে, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল কেনা হচ্ছে। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। অতিরিক্ত লাভের আশায় তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সরবরাহ ঘাটতির কোনো আশঙ্কা নেই এবং তেলের মূল্য বৃদ্ধিরও কোনো সিদ্ধান্ত হয়নি।