১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৩:৫৮ অপরাহ্ন


স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাজধানীর ক্লিনিক পরিদর্শনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৫:৪৫:৫৭
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাজধানীর ক্লিনিক পরিদর্শনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ছবি: সংগৃহীত


রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার সকল ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না এবং ত্রুটিপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই উদ্যোগের উদ্দেশ্য প্রতিষ্ঠান বন্ধ করা নয়, বরং মানসম্মত সেবা নিশ্চিত করা। পরিদর্শনে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রথমে নোটিশ দিয়ে ত্রুটি সংশোধনের সময় দেওয়া হবে। তবে শর্ত পূরণ না করলে লাইসেন্স নবায়ন বাতিলসহ প্রয়োজনে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

ইতিমধ্যেই মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান শুরু হয়েছে। সেখানে ‘টিজি হাসপাতালে’ গিয়ে দেখা যায়, এনআইসিইউতে ৪টি শিশু ভর্তি থাকলেও কোনো বিশেষজ্ঞ বা দায়িত্বরত চিকিৎসক উপস্থিত ছিলেন না। এমনকি রোগীদের ব্যবস্থাপত্রেও চিকিৎসকের স্বাক্ষর পাওয়া যায়নি। সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনা এবং অতিরিক্ত বিল আদায়ের মতো গুরুতর অভিযোগও উঠেছে এই হাসপাতালের বিরুদ্ধে।