১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৩৯:৩৪ অপরাহ্ন


লন্ডনে সাকিবের জন্মদিন উৎযাপন করলেন আসিফ আকবর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৪:০৭:২৭
লন্ডনে সাকিবের জন্মদিন উৎযাপন করলেন আসিফ আকবর ছবি: সংগৃহীত


লন্ডনে এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। একটি ভিডিওতে দেখা গেছে, লন্ডনের সেই আয়োজনে আসিফ আকবর ও সাকিব আল হাসান একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন এবং অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সময় কাটাচ্ছেন। এ সময় আসিফ আকবর সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান ক্রিকেট ও রাজনীতির মাঠে বেশ আলোচনার কেন্দ্রে ছিলেন। দলের বাইরে থাকলেও তার জাতীয় দলে ফেরা নিয়ে বর্তমানে জোরেশোরে তোড়জোড় চলছে। বিশেষ করে তার নামে থাকা হত্যা মামলাসহ অন্যান্য আইনি জটিলতা নিরসনে বিসিবির লিগ্যাল টিম এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বয় করে কাজ করছে।

আসিফ আকবর এই বিষয়ে অত্যন্ত আশাবাদী। তিনি জানান যে, মন্ত্রণালয়ের পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেশের কোটি ভক্তের মতো তারাও সাকিবের মাঠে ফেরার অপেক্ষায় আছেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই সাকিবকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া এই মহাতারকাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে।