১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৪২:০১ অপরাহ্ন


তামিম ও রিশাদকে রেখে পাকিস্তানের পথে বাকি ৪ জন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৩ ১৬:১৮:২৯
তামিম ও রিশাদকে রেখে পাকিস্তানের পথে বাকি ৪ জন ছবি: সংগৃহীত


আগামী ২৬ মার্চ থেকে পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের। জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি আসরে এবার মাঠ মাতাতে দেখা যাবে বাংলাদেশের ছয় ক্রিকেটারকে। এই লক্ষে সোমবার (২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন চার টাইগার তারকা— মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। দলের বাকি দুই সদস্য রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরবর্তী ফ্লাইটে যোগ দেবেন।

এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। পরবর্তীতে নিলামের মাধ্যমে দল পেয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন, গতি তারকা নাহিদ রানা ও টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। এছাড়া প্রথমবারের মতো এই লিগে ডাক পেয়েছেন পেসার শরীফুল ইসলাম ও ওপেনার তানজিদ হাসান তামিম। দলগুলোর অবস্থান অনুযায়ী, পেশোয়ার জালমিতে নাহিদ রানার সঙ্গী হচ্ছেন শরীফুল ও তানজিদ তামিম। অন্যদিকে লাহোর কালান্দার্সের জার্সিতে মোস্তাফিজ ও পারভেজ ইমন এবং রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন।

তবে পুরো টুর্নামেন্ট নয়, বরং আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন এই ক্রিকেটাররা। কারণ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টের কথা মাথায় রেখেই ১২ এপ্রিলের মধ্যে তাদের দেশে ফেরার নির্দেশনা রয়েছে।