১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৩৪:২৮ অপরাহ্ন


রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে ‘সাময়িক ছাড়’ চাইল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১১ ২১:৪৪:২২
রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে ‘সাময়িক ছাড়’ চাইল বাংলাদেশ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী


মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তৈরি হওয়া চরম অনিশ্চয়তা ও সরবরাহ সংকটের প্রেক্ষিতে রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে ‘অস্থায়ী ওয়েভার’ বা সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১১ মার্চ) শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ভারতের মতো সুবিধা চায় বাংলাদেশ

মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভারতের ওপর থেকে রাশিয়ার তেল কেনার নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে বাংলাদেশও একই ধরনের সুবিধা চেয়েছে।

তিনি বলেন, “আমরা মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, এই বৈশ্বিক সংকটে বাংলাদেশকেও যদি এমন সুযোগ দেওয়া হয়, তবে তা আমাদের অর্থনীতির জন্য বড় ধরনের সহায়তা হবে। বিষয়টি তারা ওয়াশিংটনে পাঠাবে বলে জানিয়েছে। এখন দেখা যাক কী হয়।”

আলোচনার অন্যান্য বিষয়

বৈঠকে কেবল জ্বালানি তেল নয়, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি বা ‘ক্যাপাসিটি বিল্ডিং’ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

বাণিজ্য চুক্তি ও যুদ্ধ পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘এ বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে বিষয়টিকে কীভাবে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়, সেটিই আমরা বিবেচনা করছি।”

মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে সরকারের করণীয় কী হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি বা দীর্ঘস্থায়ী— যে পরিস্থিতিই হোক না কেন, প্রতিটি সম্ভাবনা সামনে রেখে আমরা পরিকল্পনা করছি।”