১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪০:৪০ অপরাহ্ন


‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে সরাসরি ‘না’ বলে দিল ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৭:৫১:৫৭
‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে সরাসরি ‘না’ বলে দিল ইউরোপ ফ্রিডরিশ ম্যার্ৎস। ছবি: রয়টার্স


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহি মনোভাবে এবার বড় ধাক্কা দিল তার দীর্ঘদিনের মিত্র ইউরোপীয় দেশগুলো। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে এবং অবরুদ্ধ ‘হরমুজ প্রণালি’ সচল করতে ট্রাম্পের সরাসরি আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপের শীর্ষ নেতারা। বুধবার (১৮ মার্চ, ২০২৬) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ স্পষ্ট জানিয়ে দিয়েছেন— এই যুদ্ধ তাদের নয়।

‘ওয়াশিংটন আমাদের সঙ্গে আলোচনা করেনি’

জার্মান আইনপ্রণেতাদের সামনে দেওয়া এক বক্তব্যে চ্যান্সেলর ম্যার্ৎস বলেন, ইরান প্রতিবেশীদের জন্য হুমকি হতে পারে—এই বিষয়ে তিনি একমত। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ শুরু করেছে, তার যৌক্তিকতা নিয়ে তিনি গভীর সন্দেহ প্রকাশ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়াশিংটন আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই পথে হেঁটেছে। এই সামরিক অভিযান কীভাবে সফল হবে, তার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা আমাদের দেওয়া হয়নি।”

হরমুজ প্রণালি ও ইউরোপের অনড় অবস্থান

বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দেওয়া হরমুজ প্রণালির অবরোধ ভাঙতে ট্রাম্প যখন বিশ্বব্যাপী সহায়তা চেয়েছিলেন, তখন ম্যার্ৎস সাফ জানিয়ে দিয়েছেন, সামরিক উপায়ে তারা এই অভিযানে অংশগ্রহণ করবেন না। তিনি বলেন, “যদি আমরা আগে জানতাম যুদ্ধ এভাবে পরিচালিত হবে, তবে আমরা শুরুতেই এই পথে না হাঁটার পরামর্শ দিতাম।”

‘এটি আমাদের যুদ্ধ নয়’

ট্রান্স-আটলান্টিক সম্পর্কের টানাপড়েন এখন তুঙ্গে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস সোমবার সরাসরি বলেন, “এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।” একই প্রতিধ্বনি শোনা গেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কণ্ঠেও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “আমরা এই সংঘাতের কোনো পক্ষ নই।”

ইউরোপীয় নেতারা মনে করছেন, এই যুদ্ধ তাদের নিজ দেশের জনগণের কাছে চরম অজনপ্রিয় এবং এর উদ্দেশ্য অস্পষ্ট। তাই ইউক্রেন যুদ্ধের ধকল সামলানো ইউরোপ নতুন কোনো অনিশ্চিত যুদ্ধের অংশ হতে নারাজ।