১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০১:০৩ পূর্বাহ্ন


রাজশাহীতে আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শামস সুমন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৫:২৩:১৮
রাজশাহীতে আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শামস সুমন ছবি: সংগৃহীত


সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা শামস সুমন নিজের জন্মমাটি রাজশাহীতেই চিরনিদ্রায় শায়িত হচ্ছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ এশা রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদে তৃতীয় জানাজা শেষে স্থানীয় গোরস্তানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহীর ঝাউতলা মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় এবং গত বুধবার ঢাকার চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যরা দেশে ফেরার পর আজ তার দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন গুণী এই অভিনয়শিল্পী। তার অকাল মৃত্যুতে নাট্যপাড়া ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শামস সুমন দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে তার সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ২০০৪ সালে ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া এই অভিনেতা ‘বিদ্রোহী পদ্মা’, ‘আয়না কাহিনী’ এবং ‘মন জানে না মনের ঠিকানা’র মতো অসংখ্য দর্শনন্দিত সিনেমায় কাজ করেছেন।

অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন শামস সুমন। রাজশাহীর মাটি থেকে শুরু হওয়া তার এই বর্ণাঢ্য সাংস্কৃতিক পথচলা নিজ শহরের কোলেই এসে সমাপ্ত হলো। গুণী এই শিল্পীর প্রয়াণ ঢাকাই শোবিজ জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবেই দেখছেন তার সহকর্মী ও ভক্তরা।