১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৯:২২ অপরাহ্ন


বাংলাদেশে প্রথম কে গণভোট আয়োজন করেছিল? তখন কি সংবিধানে এটি ছিল? : জামায়াতে আমীর
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৪:২৮:০৩
বাংলাদেশে প্রথম কে গণভোট আয়োজন করেছিল? তখন কি সংবিধানে এটি ছিল? : জামায়াতে আমীর জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ফ্যাসিবাদ একটি সংক্রামক ব্যাধির মতো, যা বর্তমান সরকারের প্রতিটি কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) কেরানীগঞ্জে এক দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক জামায়াত আমীর ঘোষণা করেন যে, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জামায়াতসহ ১১ দলের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি জুলুমের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে, তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার ইস্পাতকঠিন জবাব দেওয়া হবে।”

বিএনপির অবস্থানের সমালোচনা ও গণভোটের দাবি বক্তব্যে তিনি বিএনপির ভূমিকার সমালোচনা করে বলেন, দলটি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। সংবিধানের দোহাই দিয়ে গণভোট না চাওয়ার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন: “বাংলাদেশে প্রথম কে গণভোট আয়োজন করেছিল? তখন কি সংবিধানে এটি ছিল? প্রকৃত বিষয় হলো গণভোট হচ্ছে সংবিধানের চেয়েও সুপ্রিম অবস্থানে।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা গণভোটের পক্ষে ছিলেন, দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার পর তারা সেই অবস্থান থেকে সরে গেছেন। তিনি সবাইকে গণভোটের দাবিতে এক হওয়ার আহ্বান জানান।

জ্বালানি ও শিক্ষা খাত নিয়ে কটাক্ষ দেশে চলমান জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে সরকারের দেওয়া আশ্বাসের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে। এছাড়া, স্কুল বন্ধ করে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্তকে সরকারের ‘নির্বুদ্ধিতার পরিচয়’ বলে মন্তব্য করেন তিনি।