১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৩৩:৪৮ পূর্বাহ্ন


ড্রাইভারের সাথে পরকিয়া, রবির অভিযোগের পর মুখ খুললেন ডলি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৫ ১৪:৪২:৪৪
ড্রাইভারের সাথে পরকিয়া, রবির অভিযোগের পর মুখ খুললেন ডলি ছবি: সংগৃহীত


দীর্ঘদিন আড়ালে থাকার পর সংগীত অঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর পুরনো বিচ্ছেদ নিয়ে নতুন করে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। সম্প্রতি একটি পডকাস্টে রবি চৌধুরীর দেওয়া বিস্ফোরক মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে আলোচনার ঝড়। ওই অনুষ্ঠানে রবি দাবি করেন, তাদের সংসার ভাঙার পেছনে বিপ্লব নামে এক গাড়িচালকের সঙ্গে ডলি সায়ন্তনীর পরকীয়া সম্পর্ক দায়ী ছিল। রবির এমন অভিযোগের পর বুধবার (৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কড়া জবাব দিয়েছেন ডলি সায়ন্তনী, যেখানে তিনি পুরো বিষয়টিকেই ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন।

পডকাস্টে রবি চৌধুরী অত্যন্ত সুনির্দিষ্ট কিছু ঘটনার বর্ণনা দিয়ে জানান, দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে বিপ্লব নামে এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়, যিনি সেখানে তাদের গাড়ি চালাতেন। পরবর্তীতে ডলির ফোনে 'দুলাভাই' নামে একটি নম্বর সেভ করা দেখে রবির মনে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির বড় ভাই সংগীতশিল্পী বাদশা বুলবুলকে ডেকে সেই নম্বরটি যাচাই করান এবং জানতে পারেন ওই নামে তাদের কোনো আত্মীয় নেই। রবি আরও অভিযোগ করেন, সে সময় ধরা পড়ে যাওয়ার পর ডলি ওই ব্যক্তিকে নিজের 'ভাগিনা' হিসেবে পরিচয় দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিচ্ছেদের মাত্র কয়েক মাস পর ডলি সেই বিপ্লবের গ্রামের বাড়ি ‘ফুলজানি’তে গেলে বিষয়টি সংবাদ শিরোনাম হয়, যা রবির মতে তার সন্দেহের চূড়ান্ত প্রমাণ ছিল।

তবে সাবেক স্বামীর এই দীর্ঘ বয়ানকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন ডলি সায়ন্তনী। ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি জানান, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি স্পষ্ট করে বলেন যে, বিচ্ছেদ রবি দেননি বরং তিনিই রবি চৌধুরীকে ডিভোর্স দিয়েছিলেন। কেন সেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, তা সে সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে বিস্তারিত জানিয়েছিলেন উল্লেখ করে ডলি বলেন, এত বছর পর নতুন করে তিলকে তাল করার কোনো সুযোগ নেই। নিজের নীরবতাকে দুর্বলতা না ভাবার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন যে, সম্মানের খাতিরে তিনি বিতর্কে জড়াতে চান না, তবে আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। পবিত্র মাহে রমজানে সবাইকে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থেকে পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন এই শিল্পী।