দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান।
সচিব জানান, দেশের উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি এবং উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে সমন্বয় করে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি চলমান ছুটির মধ্যেও যেন এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।
এছাড়া জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা স্থানীয় তহবিল ব্যবহার করে দ্রুত ত্রাণ পৌঁছে দেন। ক্ষতিগ্রস্ত মানুষদের জানমালের নিরাপত্তা ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।