১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৫১:১২ অপরাহ্ন


সড়ক দুর্ঘটনায় আহত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৭ ১৭:০৩:৪৩
সড়ক দুর্ঘটনায় আহত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ ছবি: সংগৃহীত


ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার পথে তাকে বহনকারী গাড়িটির সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য সামান্য আহত হলেও তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক হঠাৎ লেন পরিবর্তন করে সামনে চলে আসে। এর ফলে ট্রাকটির সঙ্গে মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয় এবং সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। বর্তমানে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে কুড়িগ্রামে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তার চালক ও ব্যক্তিগত সহকারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এমপির ব্যক্তিগত সহকারী আকরাম হোসাইন জানান, তারা ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন। ভোরবেলায় কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় একটি ট্রাক হুট করেই তাদের লেনে ঢুকে পড়ে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের বিপদ থেকে তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। যদিও এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংসদ সদস্যের সুস্থতা কামনায় দলীয় নেতা-কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।