১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৫০:০৩ অপরাহ্ন


আন্ডারওয়ার্ল্ডের নিশানায় শাহরুখ-সালমান-আমির!
বিনোদন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৬ ২০:৫২:২৭
আন্ডারওয়ার্ল্ডের নিশানায় শাহরুখ-সালমান-আমির! শাহরুখ-সালমান-আমির


বলিউডের তিন প্রধান স্তম্ভ—শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। আজ তারা সাফল্যের শিখরে থাকলেও ক্যারিয়ারের শুরুর দিকে তাদের জীবন ছিল সুতোর ওপর ঝুলে। সম্প্রতি এক পডকাস্টে ফারাহ খান জানিয়েছেন, নব্বইয়ের দশকে যখন বলিউড একটি বিশাল ব্যবসায়িক শিল্পে রূপ নিচ্ছিল, তখনই মাফিয়াদের লোলুপ দৃষ্টি পড়ে এই ইন্ডাস্ট্রির ওপর। সেই সময় আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে কীভাবে তিন খান এবং অন্য নির্মাতারা দিনাতিপাত করতেন, তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে মাফিয়া আতঙ্ক

ফারাহ খানের দাবি অনুযায়ী, সেই সময়ে বলিউড তারকা, প্রযোজক এবং নির্মাতাদের নিয়মিত ভয়ভীতি দেখানো হতো। আন্ডারওয়ার্ল্ড থেকে সরাসরি হুমকির ফোন আসা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। ফারাহ জানান, শাহরুখ খানের কাছে সরাসরি হুমকির ফোন এসেছিল কি না সে বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত না হলেও, পুরো ইন্ডাস্ট্রিতে তখন এক ধরনের দমবন্ধ করা আতঙ্ক কাজ করত। অনেক প্রযোজকের কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা দাবি করা হতো এবং দাবি পূরণ না করলে সশরীরে হামলার হুমকিও দেওয়া হতো।

‘কুচ কুচ হোতা হ্যায়’ প্রিমিয়ারের সেই রুদ্ধশ্বাস মুহূর্ত

পডকাস্টে ফারাহ একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করেন, যা আজও অনেকের অজানা। ১৯৯৮ সালে করণ জোহর পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর প্রিমিয়ার ঘিরে তৈরি হয়েছিল এক ভয়াবহ পরিস্থিতি। আন্ডারওয়ার্ল্ডের সরাসরি হুমকির কারণে করণ জোহর এতটাই বিপর্যস্ত ও উদ্বিগ্ন ছিলেন যে, প্রিমিয়ার অনুষ্ঠানটি আদৌ আয়োজন করা সম্ভব হবে কি না তা নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল। ফারাহ বলেন, শেষ পর্যন্ত কড়া পুলিশি পাহাড়ায় এবং চরম উত্তেজনার মধ্যেই সেই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। এমনকি শাহরুখ অভিনীত ‘ডুপ্লিকেট’ সিনেমার শুটিং চলাকালেও নিরাপত্তার বিষয়টি নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছিল বলে তিনি জানান।

লড়াই করে টিকে থাকা তিন সুপারস্টার

ফারাহ খান সেই সময়ের প্রতিকূল পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, মাফিয়াদের রক্তচক্ষু এবং নানা বাধা সত্ত্বেও কাজ থামিয়ে রাখেননি শাহরুখ, সালমান বা আমির। প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি থাকলেও তারা সিনেমার শুটিং চালিয়ে গেছেন। মাফিয়াদের দেওয়া নানা প্রতিকূলতা এবং মানসিক চাপ সহ্য করেই তারা নিজেদের অবস্থান শক্ত করেছেন। ফারাহর মতে, সেই সময়কার সেই অমানবিক লড়াই জিতেই তারা আজ বলিউডের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এবং অপরাজেয় তারকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন।