প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত নিয়ে আসছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’। নান্দনিক গল্প ও সামাজিক বার্তার মিশেলে নির্মিত এই নাটকে এবার জুটি বেঁধেছেন সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটকের গল্প আবর্তিত হয়েছে রানা ও নীলা নামের দুই শৈশবের বন্ধুকে কেন্দ্র করে। ছোটবেলায় একই গ্রামে বেড়ে ওঠা এই দুজনের মধ্যে সবসময় লেগে থাকত মিষ্টি ঝগড়া। পড়াশোনার প্রয়োজনে নীলা বিদেশ চলে গেলেও দীর্ঘ সময় পর দেশে ফিরে বাবা-মায়ের সঙ্গে গ্রামে বেড়াতে যায়। সেখানে হঠাৎ দেখা হয়ে যায় পুরোনো খেলার সাথি রানার সঙ্গে। তাদের সেই পুনর্মিলন এবং পরবর্তী বিচিত্র সব ঘটনা নিয়েই এগিয়েছে নাটকের কাহিনী।
নাটকটিতে রানা ও নীলা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ইরফান সাজ্জাদ ও হিমি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিকের মতো গুণী তারকাদের। আরও অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলামসহ অনেকে। বর্ণাঢ্য এই নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।