১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৪০ অপরাহ্ন


নিজের নাম থেকে বাবার নামের আদ্যাক্ষর সরালেন থালাপাতি বিজয়ের ছেলে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৫ ১৪:০১:২৯
নিজের নাম থেকে বাবার নামের আদ্যাক্ষর সরালেন থালাপাতি বিজয়ের ছেলে ছবি: সংগৃহীত


দক্ষিণী মেগাস্টার ও তামিল রাজনীতির অন্যতম আলোচিত মুখ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন খবরের শিরোনামে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগে বিজয়ের দীর্ঘদিনের সাজানো সংসারে ভাঙন ধরেছে, যা এখন গড়িয়েছে আদালত পর্যন্ত। স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গমের করা বিচ্ছেদ মামলার মাঝেই বাবার ওপর ক্ষোভ উগরে দিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন তাদের একমাত্র পুত্র, নবীন চলচ্চিত্র পরিচালক জ্যাসন সঞ্জয়।

পারিবারিক এই কলহের জেরে জ্যাসন সঞ্জয় নিজের নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর বা ইনিশিয়াল (ভি) সরিয়ে ফেলেছেন। তামিল চলচ্চিত্র অঙ্গনের রীতি অনুযায়ী তারকার সন্তানরা সাধারণত বাবার নামের আদ্যাক্ষর নিজের নামের আগে ব্যবহার করেন, যা এতদিন সঞ্জয়ও মেনে আসছিলেন। কিন্তু বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্ক জোরালো হতেই তিনি এই পরিচয় মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বাবাকে 'আনফলো' করেছেন বলে গুঞ্জন চাউর হয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত সঞ্জয় বা তার মা সঙ্গীতা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

বিজয় ও সঙ্গীতার এই দাম্পত্য সংকটের মূলে রয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার অভিযোগ। সঙ্গীতার দাবি, ২০২১ সাল থেকেই বিজয় ওই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত রয়েছেন। ঘরোয়াভাবে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হলেও এবং বিজয় বারবার সম্পর্ক ত্যাগের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা রক্ষা করেননি। দীর্ঘদিনের এই টানাপড়েন সহ্য করতে না পেরেই শেষমেশ আইনি বিচ্ছেদের পথে হাঁটেন সঙ্গীতা।

বিনোদনের দুনিয়ায় এই খবরটি এখন টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ওই দিন থালাপতি বিজয়কে সশরীরে আদালতে হাজির হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে রাজনৈতিক ক্যারিয়ারের হাতছানি, অন্যদিকে ঘরোয়া জীবনের এই চরম বিপর্যয়—সব মিলিয়ে বিজয় এখন এক কঠিন অগ্নিপরীক্ষার মুখে।