১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৬:৪৩ অপরাহ্ন


জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৫:৪৭:৩৩
জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রাথমিকভাবে বাড়িতেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় এবং পরিস্থিতির অবনতি ঘটলে গভীর রাতে তাকে জরুরি ভিত্তিতে দ্রুত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জা আব্বাসের অসুস্থতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি জানান, হঠাৎ করেই মির্জা আব্বাস শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে যান। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।