১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:২৬ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৫:১৬:৫১
বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদীয় কার্যক্রম শুরু হলে সর্বসম্মতভাবে তিনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার গ্রহণ করেন। তবে স্পিকারের পদের নিরপেক্ষতা বজায় রাখতে তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই হাফিজ উদ্দিন আহমদ জানান যে, তিনি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অধিবেশন চলাকালে তিনি বলেন, "স্পিকারের আসনটি জাতীয় সংসদের একটি অত্যন্ত নিরপেক্ষ স্থান। নিজেকে এই পদের যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ রাখতে আমি দলীয় পদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।"

এর আগে, সংসদ নেতা তারেক রহমানের পক্ষে জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমর্থন জানান। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাদার জীবনের অধিকারী হাফিজ উদ্দিন আহমদ এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ইতিপূর্বে পানিসম্পদ, বাণিজ্য এবং পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দক্ষতা দেখিয়েছেন। রাজনীতির বাইরেও তিনি পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন কৃতি খেলোয়াড় হিসেবে পরিচিত।