ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সঙ্গে সংগঠনটির অন্যতম সংগঠক ফাতিমা তাসনিম জুমার একটি ‘সেলফি’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত এই ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ছবি। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’ নিশ্চিত করেছে যে, জুমাকে বিতর্কিত করতে এবং হাদি হত্যার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এই বিকৃত ছবি প্রচার করা হচ্ছে।
এই বিষয়ে ডাকসু নেত্রী জুমা একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, “যদি আমার কোনো দোষ থাকে, তবে প্রশাসন আমাকে গ্রেপ্তার করে তদন্ত করুক। সত্য কোনোদিন গোপন থাকে না, তা একদিন সামনে আসবেই।” তিনি আরও অভিযোগ করেন যে, শহীদ ওসমান হাদির হত্যার প্রকৃত বিচার বাধাগ্রস্ত করতেই একটি পক্ষ তাকে বা জাবেরকে ফাঁসানোর চেষ্টা করছে এবং ইনকিলাব মঞ্চকে স্তব্ধ করার ষড়যন্ত্র করছে।
জুমা দৃঢ়তার সঙ্গে বলেন, তাকে বা অন্য কোনো সংগঠককে দমিয়ে হাদি হত্যার বিচার থামানো সম্ভব নয়। কারণ এই হত্যাকাণ্ডের বিচার এখন সারা বাংলাদেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে। উল্লেখ্য, গত রোববার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ, যাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।