১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৫:৩৪ অপরাহ্ন


হাদির খুনিদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৫:৫৬:৩৩
হাদির খুনিদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, আসামিদের হস্তান্তরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেছে এবং খুব দ্রুতই তাদের দেশে আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামিরা গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া মেনেই তাদের ফিরিয়ে আনার কাজ চলছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনার প্রসঙ্গে তিনি জানান, এটিকে কোনোভাবেই ‘মব জাস্টিস’ হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি একটি সুনির্দিষ্ট অপরাধ এবং সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করছে।

সভায় টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু করা এবং সমুদ্রসৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দিনের সফর শেষে বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।