১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:৩০ অপরাহ্ন


জুলাই গণ-আন্দোলনের চেতনা উপেক্ষা করার সুযোগ নেই: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৪:৩২:৫৬
জুলাই গণ-আন্দোলনের চেতনা  উপেক্ষা করার সুযোগ নেই: ডা. শফিকুর রহমান ছবি: সংগৃহীত


জুলাই গণ-আন্দোলনের চেতনা ও জনআকাঙ্ক্ষা উপেক্ষা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল রবিবার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সেই জনরাজিকে অগ্রাহ্য করা হচ্ছে, যা প্রকারান্তরে জুলাই আন্দোলনকেই অস্বীকার করার শামিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছিল যে একই দিনে গণভোট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ—উভয় সদস্য হিসেবে শপথ নেবেন। এই চুক্তিতে বিএনপিসহ প্রায় সব দল স্বাক্ষর করলেও এখন কেন সেই অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বিএনপিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, সাধারণ নির্বাচনে মানুষের ভোটের সঠিক প্রতিফলন ফলাফলে আসেনি এবং জনগণের রায় মূলত ‘হাইজ্যাক’ করা হয়েছে। এ বিষয়ে টিআইবি ও সুজন-এর মতো সংস্থাগুলোও প্রশ্ন তুলেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি স্পষ্ট জানান, আন্দোলনের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না এবং যেকোনো অন্যায় আইনি প্রক্রিয়া, সংসদ ও রাজপথে মোকাবিলা করা হবে। এছাড়া সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুদক চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে যে রদবদল ও পদত্যাগের ঘটনা ঘটেছে, সেগুলোকে তিনি ‘অঘটন’ হিসেবে অভিহিত করেন। মেধার বদলে দলীয় আনুগত্যকে গুরুত্ব দিলে রাষ্ট্রের ক্ষতি হবে বলে সতর্ক করে তিনি জানান, সরকার জনআকাঙ্ক্ষা ধারণ করলে জামায়াত সহযোগিতা করবে, অন্যথায় কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে।