ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি ও হত্যাচেষ্টা মামলার প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘এই সময়’-এর বরাত দিয়ে জানা গেছে, বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
তদন্তকারী সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সিসিটিভি ফুটেজ ও তদন্তের ভিত্তিতে হামলাকারীদের মধ্যে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়। তাঁকে গ্রেপ্তারে সহায়তার জন্য অন্তর্বর্তী সরকার ইতিপূর্বে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
মামলার তদন্তের অংশ হিসেবে ফয়সাল করিম মাসুদ, তাঁর প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ এবং তাঁর পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)। এই হামলায় কোনো বড় ধরনের আর্থিক জোগান ছিল কি না, তা খতিয়ে দেখতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওসমান হাদিকে হত্যার চেষ্টার ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা করেন। ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলেও বাদীপক্ষ তাতে ‘নারাজি’ আবেদন জানায়। বাদীর আপত্তির মুখে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। যদিও দীর্ঘ সময় পার হলেও সিআইডি এ পর্যন্ত ছয়বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রধান দুই আসামি গ্রেপ্তার হওয়ায় এখন মামলার তদন্তে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।