১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:২২ অপরাহ্ন


জ্বালানি সাশ্রয়ে এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৮:১৯:০৬
জ্বালানি সাশ্রয়ে এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত


জ্বালানি সংকট মোকাবিলার লক্ষ্যে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৮ মার্চ) সচিবালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জ্বালানি সাশ্রয়ে এবার স্বাধীনতা দিবসে প্রথাগত আলোকসজ্জা হবে না। তবে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ রাষ্ট্রীয় কর্মসূচিগুলো যথাযথ মর্যাদায় ও নিশ্ছিদ্র নিরাপত্তায় পালন করা হবে।"

সভায় আসন্ন ঈদুল ফিতর ও ২৫ মার্চ গণহত্যা দিবস কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কপথের প্রতিবন্ধকতা দূর করা হবে। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, সেজন্য বিজিএমইএ ও বিকেএমইএ-এর সাথে সমন্বয় করা হচ্ছে। পুরো বিষয়টি তদারক করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মব জাস্টিস প্রসঙ্গে মন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "বাংলাদেশ থেকে মব কালচার চিরতরে বিলুপ্ত করা হবে। নরসিংদী ও চট্টগ্রামের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।"