১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৬:০৯ অপরাহ্ন


৮ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ২৬৮ ফ্লাইট বাতিল!
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৭ ১৯:০০:১৮
৮ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ২৬৮ ফ্লাইট বাতিল! ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় চরমে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় গত সাত দিনে ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, যুদ্ধকালীন নিরাপত্তাঝুঁকির কারণে আকাশপথ ব্যবহারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার প্রভাবে আজ শনিবার (৭ মার্চ) এক দিনেই ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত এক সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। এ ছাড়া ১ মার্চ ৪০টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।

আজ শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর তালিকায় রয়েছে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের ২টি করে ফ্লাইট, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, গালফ এয়ারের ২টি এবং এমিরেটস এয়ারলাইনসের ৪টি ফ্লাইট। সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা কমতে কমতে সংকটের গভীরতা বেড়েছে।

আকস্মিক এই ফ্লাইট বাতিলের ফলে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। বিশেষ করে প্রবাসী শ্রমিক এবং জরুরি প্রয়োজনে বিদেশগামীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট দেশগুলো আকাশপথ পুনরায় খুলে না দেওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটবে না বলে ধারণা করা হচ্ছে।