১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৫৬:১৭ অপরাহ্ন


কনার ৬ বছরের সংসারে বিচ্ছেদ
সানজিদা নাসরিন
  • আপডেট করা হয়েছে : ২০২৫-০৬-২৬ ০১:১৯:৫৭
কনার ৬ বছরের সংসারে বিচ্ছেদ


আর একটা বছর পার করলেই তাদের বিবাহিত জীবন ছুঁয়ে যেতো ৭ বছরের প্রেমের মাইল ফলক। কিন্তু সেটি আর হলো না। চলতি মাসের ১৬ জুন ব্যবসায়ী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন সুকণ্ঠী দিলশাদ নাহার কনা। 

বুধবার (২৫ জুন) রাত ১০টা ৫০ মিনিটে এমনটাই জানান কনা। তবে তার আগেই জোর গুঞ্জন উঠেছিলো কনার সঙ্গে গিটারিস্ট শাহরিয়ার সাঈদের প্রেমের খবর। সেই গুঞ্জনই যেন সত্যি হয়ে উঠলো বিচ্ছেদের আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে।

কনা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিচ্ছেদ স্টেটমেন্টে লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনও বিচ্ছেদ ও হয় তাঁরই ইশারায়।’

এরপর তিনি জানান মূল ঘটনা। বলেন, ‘দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং  গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দু’জনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

কনা জানান, তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়েও। তার ভাষায়, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

জানান নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। যদিও সেখানে নতুন প্রেমের গুঞ্জনের বিষয়ে কিছু বলেননি কনা। তার ভাষায়, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই। যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

বলা ভালো, প্রায় তিন দশকের সংগীত ক্যারিয়ার দিলশাদ নাহার কনার। শখের বসে করেছেন অভিনয়ও। তবে গানে তিনি দারুণ সফলতা পেয়েছেন প্রায় সব সেক্টরে।

দরকারি তথ্য, টানা ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল অনেকটা নীরবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কনা ও গহিন। বিভিন্ন সূত্র মতে, এই বিয়েকে কেন্দ্র করে শুরু থেকেই পারিবারিক নানাবিধ জটিলতার মধ্য দিয়ে পার করতে হয়েছে তাদের।