১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:৩৪:১৬ পূর্বাহ্ন


বৃষ্টিতে ফাইনাল ম্যাচ বাতিল হলে চ্যাম্পিয়ন হবে কোন দল?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৭ ১৬:২৫:৩৫
বৃষ্টিতে ফাইনাল ম্যাচ বাতিল হলে চ্যাম্পিয়ন হবে কোন দল? ছবি: সংগৃহীত


আগামীকাল রোববার, ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা নামতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। শিরোপা নির্ধারণী এই মহালড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। গত কয়েক সপ্তাহের মাঠের লড়াই শেষে এখন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোন দল শেষ পর্যন্ত সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরে তা দেখার জন্য।

ভারতের সামনে এই ফাইনালে রয়েছে একাধিক অনন্য রেকর্ড গড়ার হাতছানি। নিউজিল্যান্ডকে হারাতে পারলে ভারত প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে। সেই সঙ্গে বিশ্বকাপের একক আয়োজক দেশ হিসেবে শিরোপা জেতা এবং টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরবও অর্জন করতে পারে সূর্যকুমার যাদবের দল।

অন্যদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য তাদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়। আইসিসির বড় বড় টুর্নামেন্টে নিয়মিত ফাইনাল খেললেও এখন পর্যন্ত কোনো ট্রফি জেতা সম্ভব হয়নি কিউইদের জন্য। তাই ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে এই দীর্ঘ আক্ষেপ ঘোচাতে মরিয়া হয়ে আছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

ম্যাচ চলাকালীন আবহাওয়ার পূর্বাভাসে আকাশ পরিষ্কার থাকার কথা বলা হলেও বড় ম্যাচে বৃষ্টির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি বৃষ্টি হানা দেয়, তবে খেলা সম্পন্ন করার জন্য অতিরিক্ত ১২০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। ডিএলএস পদ্ধতিতে ফল পেতে হলে দুই দলকেই অন্তত ১০ ওভার করে খেলতে হবে। যদি ৮ মার্চ কোনোভাবেই খেলা শেষ করা না যায়, তবে আইসিসি ৯ মার্চকে রিজার্ভ ডে হিসেবে রেখেছে।

তবে যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টির কারণে ফল নির্ধারণ করা সম্ভব না হয়, তবে আইসিসির নিয়ম অনুযায়ী ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এর আগে ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত ও শ্রীলঙ্কাকে একইভাবে যৌথ জয়ী ঘোষণা করা হয়েছিল।