১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৩:৩১:৩০ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছেন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী: আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-২৬ ২০:২৩:০০
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছেন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী: আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া I ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পন্ন হওয়া সাম্প্রতিক বাণিজ্যচুক্তির আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করা হয়নি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উল্টো বিএনপিকে নিশানা করে তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে এই চুক্তিটি করেছেন আপনাদেরই পররাষ্ট্রমন্ত্রী। অথচ আপনারা নিজেরা দায় না নিয়ে বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যদের ওপর এর দায় চাপিয়ে দিতে চাচ্ছেন। আজ মঙ্গলবার (২৬ মে) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, যখন আমেরিকার সঙ্গে এই বাণিজ্য চুক্তিটি করা হয়, তখন সেই বিষয়ে তাঁর কোনো কিছুই জানা ছিল না। রাজনৈতিক অঙ্গনে বলা হচ্ছে যে চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছিল, কিন্তু বাস্তবিকভাবে জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এই চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য যেখানে ৯০ দিনের নির্ধারিত সময় ছিল, সেখানে সরকার মাত্র এক মাসের মধ্যেই তড়িঘড়ি করে এই চুক্তি সম্পন্ন করেছে। অথচ হাতে আরও দুই মাস সময় বাকি ছিল।

এনসিপির মুখপাত্র জনমনে ওঠা নানা প্রশ্নের কথা উল্লেখ করে বলেন, আমরা শুনেছি—যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন। এখন জনমনে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন দেখা দিয়েছে যে, বিএনপির এই চুক্তির দায় যেন অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই কি নির্বাচনের ঠিক তিন দিন আগে এত তাড়াহুড়ো করে চুক্তিটি করা হয়েছিল?

বর্তমান পরিস্থিতির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, আমরা মনে করি, নির্বাচনের তিন দিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে এই চুক্তি করিয়ে তা চতুরতার সাথে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এখন বলা হচ্ছে যে এই চুক্তি বর্তমান সরকার করেনি, করেছে আগের সরকার। এটা নিয়ে মূলত একটা রাজনৈতিক খেলা চলছে। তিনি স্পষ্ট করে বলেন, খলিলুর রহমান তো বর্তমানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রীই এই চুক্তি করেছেন। এর বাইরে অন্য কিছু হয়ে থাকলে এবং চুক্তির যেসব অংশ দেশের স্বার্থের পরিপন্থী, সেগুলো অবিলম্বে বাদ দেওয়ার দাবি জানান তিনি। তিনি উদাহরণ টেনে বলেন, বিশ্বের দুটি দেশ ইতিমধ্যে আমেরিকার সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে। মানুষকে এভাবে ক্রমাগত ভুলের মধ্যে রেখে দায় এড়ানোর মনোভাব থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।