১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৫৩:১৮ অপরাহ্ন


সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৪ ১৪:২৯:০৪
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি: সংগৃহীত


সারাদেশে চাঁদাবাজ ও চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর সাঁড়াশি অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই বিশেষ অভিযান ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত হবে।

অভিযানের প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যেই সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এই তালিকার ভিত্তিতেই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনাকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে, দেশে শান্তিশৃঙ্খলা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। আশা করি, পরিকল্পনা অনুযায়ী আমরা খুব দ্রুতই দৃশ্যমান ফলাফল দেখাতে পারব।”

মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ঢাকার ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশের হৃত গৌরব পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কলঙ্কিত হয়েছে। সেই কালিমামুক্ত হয়ে জনমনে পুনরায় আস্থা তৈরি করাই এখন পুলিশের বড় চ্যালেঞ্জ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে পুলিশকে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। পুলিশের হারানো ইমেজ ফিরিয়ে আনতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে সরকার কোনো ধরনের আপস করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।