১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৯:১৯ অপরাহ্ন


বিশ্বকাপে ভরাডুবির খেসারত হিসেবে ৫০ লাখ রুপি জরিমানা পাকিস্তানের ক্রিকেটারদের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০২ ১৪:৫১:১৯
বিশ্বকাপে ভরাডুবির খেসারত হিসেবে  ৫০ লাখ রুপি জরিমানা পাকিস্তানের ক্রিকেটারদের ছবিঃ সংগৃহীত


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির খেসারত দিতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। মাঠের ব্যর্থতার দায়ে এবার বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছেন সালমান আগার দলের সদস্যরা। পাকিস্তানের সংবাদমাধ্যম 'এক্সপ্রেস ট্রিবিউন'-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা ছিল চরম হতাশাজনক। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে যায় তারা। পরবর্তীতে সুপার এইট পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও রান রেটের মারপ্যাঁচে সেমিফাইনালের টিকিট কাটতে ব্যর্থ হয় সালমান আগার দল।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হারের পরই ক্রিকেটারদের জরিমানার এই কঠোর সিদ্ধান্ত নেয় পিসিবি। বোর্ড কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ক্রিকেটারদের অনেক তোষণ করা হয়েছে, এখন থেকে কেবল পারফরম্যান্সের ভিত্তিতেই আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে। পিসিবির পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে বলা হয়েছে, খেলোয়াড়রা যদি ভালো পারফরম্যান্সের জন্য মোটা অঙ্কের বোনাস বা পুরস্কার পেতে পারেন, তবে দেশের সম্মানহানি ও খারাপ পারফরম্যান্সের জন্য তাদের জরিমানাও গুণতে হবে।

উল্লেখ্য যে, পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে পিসিবি থেকে বিশাল অঙ্কের বেতন-ভাতা পেয়ে থাকেন। একজন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার মাসে ৪৫ লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্ব থেকে আরও ২০.৭ লাখ রুপি পান। অন্যদিকে ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসিক ৩০ লাখ রুপির সঙ্গে আইসিসির অংশ হিসেবে পান ১৫.৫২৫ লাখ রুপি। এই বিপুল পরিমাণ সুযোগ-সুবিধার বিপরীতে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন ব্যর্থতা বোর্ড কোনোভাবেই মেনে নিতে পারছে না।