১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:৫২ অপরাহ্ন


মর্গ থেকে ময়মনসিংহের গ্রামের বাড়িতে যাবে ইকরার লাশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০১ ১৮:৩৭:২৮
মর্গ থেকে ময়মনসিংহের গ্রামের বাড়িতে যাবে ইকরার লাশ ছবিঃ সংগৃহীত


ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মরদেহ ময়নাতদন্ত শেষে আজ তার গ্রামের বাড়ি ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে। রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ইকরার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপরই স্বজনরা মরদেহ নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন, সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

গতকাল শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের সময় হাসপাতালের মর্গের বাইরে ইকরার স্বজন ও বন্ধুদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর অকাল মৃত্যু নিয়ে অনেক রহস্য ও গুঞ্জন ডানা বাঁধলেও পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে। তবে ইকরার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে যে, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।

ইকরার মৃত্যুর ঘটনায় আজ তাঁর মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করা হয়েছে এবং আলভীর মাসহ তাঁর পরিবারের আরও কয়েকজনের নাম আসামির তালিকায় রয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ এক দশকের বেশি সময় আগে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা; তাঁদের সংসারে রিজিক নামে একটি পুত্রসন্তান রয়েছে। মায়ের এমন বিদায় আর বাবার বিরুদ্ধে মামলার এই কঠিন পরিস্থিতিতে শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।