১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৩৮ অপরাহ্ন


অবশেষে মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৮ ১৬:৪৪:৫৬
অবশেষে মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ছবিঃ সংগৃহীত


কবি মোহন রায়হানকে নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে তাঁকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে, আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার অন্য ৮ জন মনোনীত প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হলেও মোহন রায়হানের নাম রহস্যজনকভাবে বাদ পড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

পুরস্কার স্থগিত রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখার জন্য সাময়িকভাবে পুরস্কার প্রদান স্থগিত করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদপত্রে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতিমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই সভায় উত্থাপিত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে কবিকে এই পুরস্কার দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুরস্কার ফিরে পাওয়ার এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান জানিয়েছেন, তিনি এই পুরস্কার গ্রহণ করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আজ বিকেলে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি সভা রয়েছে এবং সেই সভার আলোচনার পরই তিনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত ৯ জনের তালিকায় মোহন রায়হানের নাম থাকলেও নির্ধারিত দিনে তাঁকে বাদ রেখে বাকিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছিল, যা নিয়ে গত কয়েকদিন ধরে দেশের সাংস্কৃতিক মহলে ব্যাপক বিতর্ক চলছিল।