১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০৩:৫৭ অপরাহ্ন


বিশ্বকাপে যে দলের মুখোমুখি হতে চাননা মেসি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০২-২৫ ১৭:০০:১২
বিশ্বকাপে যে দলের মুখোমুখি হতে চাননা মেসি লিওনেল মেসি


২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই মহাযজ্ঞ শুরুর আগেই এক বিশেষ প্রতিপক্ষকে এড়িয়ে চলার ইচ্ছার কথা জানিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে মেক্সিকোকে অন্যতম কঠিন প্রতিপক্ষ মানেন বলেই তাদের বিপক্ষে খেলতে অনীহা প্রকাশ করেছেন এলএমটেন।

সম্প্রতি সাবেক সতীর্থ ও বর্তমানে টিগ্রেস ইউএএনএল-এর গোলরক্ষক নাহুয়েল গুজমানের সঙ্গে ‘মিরো দে আতরাস’ পডকাস্টে আলাপকালে মেসি এই মন্তব্য করেন। সেখানে ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে সেই ২-০ গোলের জয়টি ছিল তাদের জন্য চরম মানসিক চাপের। সৌদি আরবের কাছে হারের পর মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটি ছিল কার্যত ‘বাঁচা-মরার লড়াই’। মেসি অকপটে স্বীকার করেন, "আমরা সত্যি বলতে ভয় নিয়েই সেই ম্যাচটি খেলতে নেমেছিলাম।"

পরিসংখ্যান ও ইতিহাসে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মেসি দলটিকে খাটো করে দেখছেন না। তাঁর মতে, মেক্সিকো বল দখলে রাখা এবং প্রতিপক্ষের ছন্দ নষ্ট করার কৌশলে অত্যন্ত পটু। এছাড়া গ্যালারিতে তাদের সমর্থকদের উন্মাদনা যেকোনো দলের ওপর বাড়তি চাপ তৈরি করে।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে। স্বাগতিক হিসেবে উত্তর আমেরিকার এই দলগুলো নিজেদের চেনা কন্ডিশন ও গ্যালারির ব্যাপক সমর্থন পাবে। সেই বাস্তবতায় মেসি বলেন, "বিশ্বকাপে প্রায়ই আমাদের দেখা হয় এবং বেশির ভাগ সময় সেটা নক-আউট বা ভাগ্যনির্ধারণী ম্যাচে। এবার তোমাদের (মেক্সিকো) ও যুক্তরাষ্ট্রের জন্য দারুণ সুযোগ। তবে আশা করি, এবার টুর্নামেন্টের শুরুতেই আমাদের মুখোমুখি হতে হবে না।"

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও মেসির এই সতর্কবার্তা প্রমাণ করে যে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে ঘরের মাঠে মেক্সিকো যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, সেই হিসাব-নিকাশ এখন থেকেই করে রাখছেন ফুটবল জাদুকর।