১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১১:৩১:৩১ অপরাহ্ন


হঠাৎ কেন থালাপতির সান্নিধ্যে বিজয় ও রাশমিকা
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-১৩ ১৭:১৩:৫০
হঠাৎ কেন থালাপতির সান্নিধ্যে বিজয় ও রাশমিকা ছবি: সংগৃহীত


‘রণবালি’ মুক্তির আগে চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে দেখা করলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা; সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন বিশেষ অভিজ্ঞতা

      বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রণবালি’ মুক্তির ঠিক আগে চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর প্রথমবার একসঙ্গে পর্দায় ফিরতে যাওয়া এই দুই তারকা তাঁদের নতুন সিনেমার প্রচারণার অংশ হিসেবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিশেষ সাক্ষাৎ করেন এবং নিজেদের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ‘রণবালি’ আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির মুক্তির প্রাক্কালে প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও দুই তারকাকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং তাঁদের কাজের জন্য শুভকামনা জানিয়েছেন।

সাক্ষাতের পর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিজয় দেবেরাকোন্ডা জানান, থালাপতি বিজয়ের সঙ্গে এটিই তাঁর প্রথম সাক্ষাৎ ছিল। তিনি লেখেন, "প্রিয় থালাপতি বিজয়ের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। দীর্ঘ একটি দিন পার করার পরও তিনি আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। জীবন, কাজ ও পৃথিবী নিয়ে নিজের অভিজ্ঞতার অনেক ব্যক্তিগত দিকও ভাগ করে নিয়েছেন। একবার দেখা, এরই মধ্যে স্যার আমার প্রিয় হয়ে উঠেছেন। আবার দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল।"

অন্যদিকে, রাশমিকা মান্দানাও সাক্ষাতের কিছু সুন্দর মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। থালাপতি বিজয়ের একসময়ের অনুরাগী থেকে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং পরবর্তীতে তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার এই পুরো যাত্রাকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। রাশমিকা লেখেন, "অনেক দিন পর বিজয় স্যারের সঙ্গে দেখা করতে গেলাম। যত দিন মনে পড়ে, তারও আগে থেকে আমি তাঁর ভক্ত। পরে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আর আজ তিনি যে মুখ্যমন্ত্রী, সেই মানুষটিকে দেখে মুগ্ধ হচ্ছি। আপনার জন্য সব সময় অনেক ভালোবাসা ও শুভকামনা, স্যার।" উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভারিসু’ সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাশমিকা।

উল্লেখ্য, ১৮৭০-এর দশকের পটভূমিতে নির্মিত ‘রণবালি’ সিনেমার মূল কাহিনী আবর্তিত হয়েছে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষকে কেন্দ্র করে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রায়লসীমা অঞ্চলের এক লোককথার যোদ্ধা ও গ্রামবাসীর লড়াই এবং শোষণমূলক করনীতির প্রতিবাদের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। আগামী ১৬ অক্টোবর বহু প্রতীক্ষিত এই ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।