১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৫:১৪:১০ অপরাহ্ন


নানা পাটেকরের প্রতিটি সমর্থককে ধ্বংস হতে দেখার ইচ্ছা প্রকাশ তনুশ্রী দত্তের!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-১৩ ১৫:২৭:৩২
নানা পাটেকরের প্রতিটি সমর্থককে ধ্বংস হতে দেখার ইচ্ছা প্রকাশ তনুশ্রী দত্তের! ছবি: সংগৃহীত


প্রয়াত অভিনেতার অনুসারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও তীব্র ক্ষোভ প্রকাশ; তনুশ্রী দত্তের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন বিতর্ক

      যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত প্রবীণ অভিনেতা নানা পাটেকরের প্রয়াণের পর তাঁর অনুসারী ও সমর্থকদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্টের মাধ্যমে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

গত ৮ অক্টোবর গোয়ায় ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। তাঁর মৃত্যুর পরই তনুশ্রী দত্ত বিভিন্নভাবে সরব হয়ে ওঠেন এবং এর আগে ন্যায়বিচার পাওয়ার কথা বলার পর এবার সরাসরি অভিনেতার সমর্থক ও অনুরাগীদের আক্রমণ করেছেন। ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তনুশ্রী বলেন, প্রায় বিশ বছর ধরে যে মানুষটি একটি পবিত্র আত্মাকে অত্যাচার ও ট্রমার মধ্যে রেখেছিল, আজ তাকে প্রকাশ্যে সম্মান জানানো হচ্ছে। এই নিষ্ঠুর মানসিকতার তীব্র নিন্দা করে তিনি এমন সমাজ পুড়ে ছাই হয়ে যাওয়ার কামনা করেন এবং নানা পাটেকরের প্রতিটি সমর্থককে ধ্বংস হতে দেখার ইচ্ছা প্রকাশ করেন।

তনুশ্রী আরও হুঁশিয়ারি দিয়ে জানান, যারা প্রয়াত অভিনেতার প্রশংসা করছেন, তাদেরও একই রকম নরকযন্ত্রণা ভোগ করতে হবে। প্রায় দশ হাজার বছর ধরে বারবার সেই একই কষ্টের মধ্যে তাদের পড়তে হবে বলে দাবি করেন তিনি। অভিনেত্রীর মতে, চোখের সামনে সব ঘটনা দেখার পরও যারা একজন রাক্ষসকে সম্মান জানায়, তাদের ক্ষমা করা যায় না এবং মানুষের চরিত্র প্রমাণিত হয় সে কার পক্ষে দাঁড়াচ্ছে তার ওপর ভিত্তি করে।

এর আগে গত ৮ অক্টোবর নানা পাটেকরের মৃত্যুর দিনেই দুটি তীব্র নিন্দামূলক পোস্ট করেছিলেন তনুশ্রী। সেখানে তিনি লিখেছিলেন, গত আঠারো বছর ধরে তাঁর জীবনকে যারা নরক বানিয়েছিল, সেই নানা পাটেকর যেন নরকে জ্বলেন। অভিনেতার আত্মা যেন নরকের সবচেয়ে ভয়াবহ যন্ত্রণার মধ্যে পড়ে এবং তিনি তা নিশ্চিত করবেন যাতে এমন পাপী ব্যক্তি সেখান থেকে কখনো পালাতে না পারে। যতদিন তিনি বেঁচে আছেন, নানা পাটেকর কোনো পুণ্য অর্জন করতে পারবেন না বা নরক থেকে মুক্তি পাবেন না বলেও দাবি করেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতেই পুণেতে নানা পাটেকরের নিজস্ব ফার্মহাউসে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, হৃৎপিণ্ডের মূল ধমনিতে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তাঁর আকস্মিক মৃত্যু ঘটে এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক কারণে হয়েছিল। তবে মৃত্যুর পরও এই ব্যক্তিগত ও আইনি সংঘাত কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।