১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১১:১২:০৪ অপরাহ্ন


তামিল সিনেমায় ফিরছেন মিঠুন চক্রবর্তী, রজনীকান্তকে দিলেন বিশেষ শর্ত!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-১৩ ১৬:৫১:০১
তামিল সিনেমায় ফিরছেন মিঠুন চক্রবর্তী, রজনীকান্তকে দিলেন বিশেষ শর্ত! ছবি: সংগৃহীত


দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দক্ষিণী ছবিতে কামব্যাক; রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ছবিতে অভিনয়ে মজার শর্ত জুড়ে দিলেন মিঠুন

        দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও তামিল চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে চলেছেন প্রবীণ বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তবে এই সিনেমাটিতে কাজের জন্য সায় দেওয়ার আগে নির্মাতাদের কাছে একটি মজার শর্ত দিয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। সম্প্রতি সেই মজার অনুভূতির কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন স্বয়ং রজনীকান্ত।

পরিচালক নেলসন দিলীপকুমারের নির্দেশনায় ‘জেলার ২’ ছবিতে ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে পর্দায় হাজির হবেন রজনীকান্ত। তবে সিনেমাটিতে মিঠুন চক্রবর্তীর ভূমিকা ঠিক কী হতে যাচ্ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রযোজকরা জানাননি। তবে রজনীকান্তের দেওয়া তথ্য অনুযায়ী, ছবিতে তাঁর চরিত্র যেন কোনোভাবেই মিঠুনকে মারধর বা গুলি না করে, সেটাই ছিল মিঠুনের মূল শর্ত।

সম্প্রতি ‘জেলার ২’ সংশ্লিষ্ট একটি বিশেষ আয়োজনে রজনীকান্ত জানান, মিঠুন চক্রবর্তী তাঁর অনেক পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মিঠুনের কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি প্রথম প্রশ্নেই জানতে চান তাঁর চরিত্রটি কী ধরনের। রজনীকান্তের বয়ানে মিঠুন বলেছিলেন, ‘আমি কি এখানে খলনায়ক? আমাকে কি রজনীকান্তের কাছে মার খেতে হবে? তাহলে এসব বাদ দাও!’

পরবর্তী সময়ে ওয়েভস সামিটের একটি অনুষ্ঠানে দুই তারকার দেখা হলে সিনেমাটি নিয়ে আলোচনা হয়। রজনীকান্ত জানান, মিঠুন তাঁকে বলেছিলেন, ‘আপনি বললে আমি সিনেমাটি করতে রাজি।’ কিন্তু সেই সঙ্গে শর্ত জুড়ে দেন, পর্দায় রজনীকান্ত তাঁকে কোনোভাবেই মারধর বা গুলি করতে পারবেন না। উত্তরে রজনীকান্ত জানিয়েছিলেন যে তিনি বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলবেন। তবে পুরো বিষয়টি মিঠুন নিছক কৌতুক হিসেবেই বলেছিলেন বলে ধারণা রজনীকান্তের।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে ‘যাগভারায়িনুম না কাক্কা’ ছবির মধ্য দিয়ে তামিল সিনেমায় অভিষেক ঘটেছিল মিঠুন চক্রবর্তীর। দীর্ঘ দিন পর ‘জেলার ২’ দিয়েই তামিল ইন্ডাস্ট্রিতে ফিরছেন তিনি। অন্যদিকে রজনীকান্তের সঙ্গে তাঁর সম্পর্কের ইতিহাস বেশ পুরোনো। ১৯৮৯ সালে নির্মাতা রমেশ সিপির ‘ভ্রষ্টাচার’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন দুই অভিনেতা। এরপর ১৯৯৫ সালে মিঠুন ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি ‘ভাগ্য দেবতা’তেও অতিথি শিল্পী হিসেবে হাজির হয়েছিলেন রজনীকান্ত।

‘জেলার ২’ ছবিতে ভারত সরকারের দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত তিন প্রখ্যাত অভিনেতা রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী ও মোহনলালকে একসঙ্গে দেখা যাবে। এ ছাড়া অন্য মূল চরিত্রগুলোতে রয়েছেন রম্যা কৃষ্ণন, এস জে সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান। পাশাপাশি বিশেষ চরিত্রে নজর কাড়বেন শিবরাজকুমার ও জ্যাকি শ্রফ। অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই সিনেমার সুর ও সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘জেলার ২’ সিনেমাটির।