১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩১:৩৩ অপরাহ্ন


সিজেপির বিক্ষোভ সরাসরি: কোথায় নেয়া হয়েছে দীপকেসহ সিজেপির তিন নেতাকে
আন্তর্জাতিক ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-১০ ১৬:৫৩:৪৯
সিজেপির বিক্ষোভ সরাসরি: কোথায় নেয়া হয়েছে দীপকেসহ সিজেপির তিন নেতাকে ছবি: সংগৃহীত


প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি; মমতা ব্যানার্জি, নেহা বোরা ও তুষার গান্ধীসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আটক

        ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নয়াদিল্লি। বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে ৪০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে সিজেপির শীর্ষ তিন নেতাসহ ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বকে আটকের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির শীর্ষ তিন নেতা—অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে পুলিশ। তাদের ঠিক কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি। যদিও অভিজিৎ দীপকেকে গুরুগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়ালে তা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে গুরুগ্রাম পুলিশ। এদিকে নেতাদের অনুপস্থিতিতে যন্তর মন্তরে দলের বিক্ষোভ পরিচালনা করবেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে। পূর্বেই ধারণকৃত এক ভিডিওবার্তায় সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কার কথা জানিয়েছিলেন অভিজিৎ দীপকে।

মমতা ব্যানার্জি ও নেহা বোরা আটক: দিল্লির সাউথ এভিনিউতে নিজ বাসভবনের সামনে ধর্নায় বসা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে বেআইনি জমায়েতের অভিযোগে আটক করেছে দিল্লি পুলিশ। সঙ্গে ছিলেন দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনের মতো শীর্ষ নেতারা। অন্যদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি এবং শিক্ষার্থী আন্দোলনের আলোচিত মুখ নেহা বোরাকেও বিক্ষোভের সময় পুলিশ আটক করে বাসে তুলেছে; বাসটিকে ঘিরে আন্দোলনকারীরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। নিরাপত্তা কড়াকড়ির কারণে সিজেপি ও আইসা তাদের বিক্ষোভের স্থান পরিবর্তন করে দিল্লি হাটে নেওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান ধরে রেখেছে।

মহুয়া মৈত্রের ক্ষোভ ও অন্যান্য আটক: দিল্লি বিমানবন্দরে সিজেপি নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়ে একে ‘কাপুরুষোচিত’ ও জরুরি অবস্থার শামিল বলে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। অন্যদিকে, মুম্বাইয়ে আগস্ট ক্রান্তি ময়দানে সিজেপির সমর্থনে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও বিশিষ্ট অধিকারকর্মী তুষার গান্ধী। চণ্ডীগড়ে আম আদমি পার্টির (আপ) নেতা মনীশ সিসোদিয়াকে আটকের অভিযোগ করেছে তাঁর দল। পাশাপাশি, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনও ঘিরে রেখেছে দিল্লি পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার দাবিতে শুরু হওয়া এই গণআন্দোলন ঘিরে রাজধানী দিল্লিসহ ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে চরম উত্তেজনা বিরাজ করছে।