মাত্র দুই দিনেই ভারতে ১১৩ কোটি রুপি আয়; সালমানের ‘সিকান্দার’কে পেছনে ফেলে অজয় দেবগনের নতুন বক্স অফিস রেকর্ড
প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছ অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত থ্রিলার মেগা ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। প্রথম দিনেই একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার পর মুক্তির দ্বিতীয় দিনেও আয়ের সেই অভূতপূর্ব ধারা অব্যাহত রেখেছে সিনেমাটি।
কেবল ভারতের বাজার থেকেই মাত্র দুই দিনে নিট আয়ের হিসাবে ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে বিজয় সালগাঁওকরের বুদ্ধিদীপ্ত জীবনের শেষ অধ্যায়। বক্স অফিস ট্র্যাকার সংস্থা ‘স্যাকনিল্ক’-এর উপাত্ত অনুযায়ী, শনিবার রাত ১০টা পর্যন্ত ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহের প্রায় ১১ হাজার ২১২টি শো থেকে দ্বিতীয় দিনে একাই ৫২ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ৩’। ফলে মুক্তির মাত্র দুই দিনে ভারতে ছবিটির মোট নিট সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে অবিশ্বাস্য ১১৩ কোটি রুপি।
মাত্র ৪৮ ঘণ্টায় ১০০ কোটির সম্মানজনক ক্লাবে প্রবেশ করে চলচ্চিত্রটি ইতোমধ্যে সালমান খানের মেগা বাজেটের সিনেমা ‘সিকান্দার’-এর মোট ভারত আয়ের (নিট ১০৪ কোটি রুপি) রেকর্ড ভেঙে নতুন উচ্চতা ছুঁয়েছে।
চলতি বছর রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পর হিন্দি সিনেমার ইতিহাসে দ্বিতীয় সেরা সেরা উদ্বোধনী সূচনা উপহার দিয়েছে ‘দৃশ্যম ৩’। একইসাথে পুরো বলিউডের ইতিহাসে ‘ধুরন্ধর ২’ ও শাহরুখ খানের ‘জওয়ান’-এর পর তৃতীয় দ্রুততম ১০০ কোটি ছুঁয়ে ফেলা সিনেমার মর্যাদা লাভ করেছে এটি। প্রথম দুই দিনের আয়ের বিচারে ছবিটি টেক্কা দিয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ (৩০ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি) এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৬৩ কোটি)-এর মতো ঐতিহাসিক সব ব্লকবাস্টারকে।
অভিষেক পাঠক পরিচালিত ও প্রযোজিত এই ক্রাইম-থ্রিলারে আবারও কালজয়ী ‘বিজয় সালগাঁওকর’ চরিত্রে পর্দা কাঁপিয়েছেন অজয় দেবগন। তাঁর সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরেছেন তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ঈশিতা দত্ত, মৃণাল যাদব, কমলেশ সাওয়ান্ত এবং দ্বিতীয় পর্বের পরিচিত মুখ সৌরভ শুক্লা।
মূল মালয়ালম চলচ্চিত্রের হিন্দি অ্যাডাপ্টেশন হিসেবে যাত্রা শুরু করা ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব বিশ্বজুড়ে আয় করেছিল ১১০ কোটি রুপি। পরবর্তীতে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বিশ্বব্যাপী ৩৪২ কোটি রুপি আয় করে অল-টাইম ব্লকবাস্টার তকমা পায়। এবার 'স্টার স্টুডিও১৮' ও 'প্যানোরামা স্টুডিওস'-এর যৌথ প্রযোজনায় নির্মিত তৃতীয় কিস্তি প্রথম দু'দিনেই যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছে, তাতে আগের সব রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করতে যাচ্ছে ‘দৃশ্যম ৩’।