১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৮:৩৯ পূর্বাহ্ন


এবার কি তবে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাত্রুভূমি’?
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-০৩ ১৭:৩২:০৭
এবার কি তবে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাত্রুভূমি’? ছবি: সংগৃহীত


চীন সংক্রান্ত বিতর্কিত দৃশ্য সংশোধনের পর মন্ত্রণালয়ের এনওসি লাভ; আগামী ১৩ নভেম্বর দীপাবলিতে মুক্তির জোর সম্ভাবন

      বলিউড সুপারস্টার সালমান খানের বহু আলোচিত ও প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাত্রুভূমি’র ভাগ্য নির্ধারণী যাত্রা শুরু থেকেই ছিল বেশ নাটকীয় ও অনিশ্চয়তায় ঘেরা। সেন্সর জটিলতা, বারবার শিরোনাম পরিবর্তন, টিজার প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া এবং একের পর এক মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় এক পর্যায়ে সিনেমাটি আদৌ আলো দেখবে কি না, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে সব আশঙ্কা কাটিয়ে সিনেমা প্রেমীদের জন্য এসেছে বড় সুখবর। বলিউডের নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে—সব অনিশ্চয়তা এখন অতীত এবং আগামী মাসেই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মাত্রুভূমি’।

প্রাথমিকভাবে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছিল সালমান খানের এই ছবি। তবে চলচ্চিত্রে চীনকে কীভাবে চিত্রায়িত করা হয়েছে, সে বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পুরোপুরি নিশ্চিত হতে না পারায় সিনেমাটি বাতিল কিংবা চিরতরে স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিনোদন সাময়িকী ‘বলিউড হাঙ্গামা’ এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চলচ্চিত্রটির নতুন ও মার্জিত সংস্করণ দেখে সন্তোষ প্রকাশ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (I&B Ministry)। গত সপ্তাহে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনেমাটিকে আনুষ্ঠানিকভাবে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি (NOC) প্রদান করা হয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিনেমাটির প্রথমার্ধের চরম চীনবিরোধী তীব্র অবস্থান নিয়ে জোরালো আপত্তি জানানোর পর নির্মাতারা ‘মাত্রুভূমি’র বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য নতুন করে শুট করতে বাধ্য হন। সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, "মূল সংস্করণের তুলনায় পুনর্বিন্যস্ত ‘মাত্রুভূমি’তে ব্যপক পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত গল্পে আন্তর্জাতিক বিতর্ক এড়িয়ে ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্ককেও ইতিবাচক ও দায়িত্বশীলভাবে তুলে ধরা হয়েছে।" এমনকি নতুন সংস্করণে চীনের সরাসরি নাম সংক্রান্ত বেশ কিছু সংবেদনশীল উল্লেখ বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ নভেম্বর দীপাবলির উৎসবমুখর আমেজকে কাজে লাগিয়ে সিনেমাটি মুক্তির জোর প্রস্তুতি নিচ্ছেন সালমান খান। দীপাবলির পরপরই সাধারণ মানুষের মধ্যে যে আনন্দের রেশ থাকে, সেটিকে প্রেক্ষাগৃহে দর্শক টানার উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করছে তাঁর দল।

তবে আইঅ্যান্ডবি মন্ত্রণালয়ের এনওসি মিললেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) আনুষ্ঠানিক সেন্সর ছাড়পত্র এখনো বাকি। চলতি মাসের মধ্যেই সেন্সর প্রক্রিয়া সুসম্পন্ন হলে সালমানের ‘মাত্রুভূমি’ ১৩ নভেম্বরই পর্দা কাঁপাবে। আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

যদি ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তি পায়, তবে নীতীশ তিওয়ারির মেগা বাজেটের ফ্র্যাঞ্চাইজি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তির ঠিক এক সপ্তাহ পর প্রেক্ষাগৃহে হাজির হবেন সালমান খান।

‘সালমান খান ফিল্মস’-এর ব্যানারে সালমা খান প্রযোজিত এবং অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমার পূর্ণ শিরোনাম রাখা হয়েছে ‘মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ (Maatrubhumi: May War Rest In Peace)। সিনেমায় শাকিব-সালমানের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় আটকে গিয়েছিল এই সিনেমা, যার প্রাথমিক নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’।