১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:৪৯:১২ অপরাহ্ন


বাংলাদেশ–আমেরিকা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে চুক্তি সই!
জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-২৬ ১৭:৩৯:২২
বাংলাদেশ–আমেরিকা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে চুক্তি সই! ছবি: সংগৃহীত


রেহান আসাদ ও জ্যাকব হেলবার্গের উপস্থিতিতে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত; ১৯৮১ সালের প্রস্তাবিত উদ্যোগের পূর্ণতা

       পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির সংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক সহায়তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ঐতিহাসিক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন মার্কিন সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।

এই দ্বিপক্ষীয় চুক্তির ফলে অসামরিক ও শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার আনুষঙ্গিক ক্ষেত্রে উভয় দেশের যৌথ কাজের সুযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত সহযোগিতার প্রথম কৌশলগত উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেই ঐতিহাসিক ধারাক্রম বজায় রেখে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলো।