১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৫:২১ অপরাহ্ন


গানের ভিডিও করে আলোচনায় আসা সেই বিউটি রাণী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত!
শিক্ষা ও জাতীয় প্রতিবেদক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-২৪ ১৪:২৮:১৮
গানের ভিডিও করে আলোচনায় আসা সেই বিউটি রাণী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত! শ্রেষ্ঠ শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল I ছবি: সংগৃহীত


সাইবার ট্রোলিং পেছনে ফেলে সিলেটের পিঠাইটিকর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবার জেলার সেরা গুণী শিক্ষক; তালিকাভুক্ত আরও ৩ শিক্ষক

       গান গেয়ে ও ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং সাইবার ট্রোলিংয়ের শিকার হওয়া সিলেটের জনপ্রিয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা বিউটি রাণী পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

প্রশাসনিক ও একাডেমিক দক্ষতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সব মিলিয়ে সিলেট জেলা থেকে এবার মোট চারজন শিক্ষককে জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত করা হয়েছে।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক প্রশাসনিক স্মারকের মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের চূড়ান্ত তালিকা ও প্রস্তাবনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিউটি রাণী পাল ছাড়াও সিলেট জেলার অন্যান্য শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত বাকি তিনজন হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

যেভাবে বিতর্ক ও আলোচনায় আসেন বিউটি রাণী পাল

চলতি বছরের গত ২৩ জুলাই নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মাত্র কয়েক সেকেন্ডের একটি ছোট্ট রিলস ভিডিও পোস্ট করেছিলেন বিউটি রাণী পাল। সেখানে একটি নীল শাড়ি পরে খোলা হাওয়ায় আঁচল উড়িয়ে হাঁটার দৃশ্য দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত হয়েছিল বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি। তবে সাধারণ একটি বিনোদনমূলক ভিডিও পোস্ট করার পর থেকেই নেটিজেনদের একটি অংশের কাছে অনাকাঙ্ক্ষিত সাইবার ট্রোলিং ও কটূক্তির শিকার হতে হয় এই শিক্ষিকাকে।

তবে নেটিজেনদের সেই অপ্রাসঙ্গিক ট্রোলিং ও বুলিংয়ের বিরুদ্ধে তীব্র সংহতি জানায় দেশের শিক্ষকসমাজ ও সচেতন সংস্কৃতিমনা মানুষ। ওই ‘শ্রাবণের মেঘগুলো’ গানটিকেই প্রতীকী প্রতিবাদের মূল অস্ত্র বানিয়ে বিউটি রাণীর সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলস ও ভিডিও বানিয়ে অভিনব এক প্রতিবাদ আন্দোলন শুরু করেন সারা দেশের শিক্ষক ও তরুণ প্রজন্ম।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থী পূর্বেও শিক্ষাক্ষেত্রে নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এর আগে ২০২৩ সালেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সিলেট জেলায় ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা’ হিসেবে সম্মানিত হয়েছিলেন তিনি। এবার সব বিতর্ক তুচ্ছ করে পুনরায় জেলার সেরা শিক্ষকের মর্যাদা ছিনিয়ে আনলেন বিউটি রাণী পাল।